বৃষ্টির মধ্যে প্রতিবাদ: আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে নার্স ও প্রাক্তন সেনাকর্মীদের মিছিল

বৃষ্টির মধ্যে প্রতিবাদ: আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে নার্স ও প্রাক্তন সেনাকর্মীদের মিছিল

১৬ সেপ্টেম্বর ২০২৪: অবিরাম বৃষ্টির মধ্যেও প্রতিবাদের রেশ থেমে থাকেনি। কলকাতার বিভিন্ন প্রান্তে অঝোর ধারায় বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল। ছাতা মাথায় নিয়ে নার্স, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা এগিয়ে এলেন আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে। মিছিলের সামনের দিকে থাকা অনেকেই বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দিতে এগিয়ে চললেন। উদ্যোক্তাদের দাবি, দুর্যোগের আগেই কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। বৃষ্টির কারণে তেমন সাড়া মিলবে না, এমন আশঙ্কা থাকলেও বাস্তবে দেখা যায়, বহু মানুষ ছাতা মাথায় নিয়ে মিছিলে শামিল হয়েছেন।

বিভিন্ন প্রাক্তন সেনা আধিকারিকেরা, যাঁরা অবসরপ্রাপ্ত মেজর এবং ব্রিগেডিয়ার, তাঁরা আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি করে যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিলের আয়োজন করেছিলেন। এই মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই পুরুলিয়া সৈনিক স্কুলের প্রাক্তনী। বৃষ্টি মাথায় নিয়েই তাঁরা এগিয়ে চলেন। অবসরপ্রাপ্ত এক সেনা আধিকারিক বলেন, “ভারতের মতো দেশে অপরাধীদের বিচার হতে দীর্ঘ সময় লাগে। এই ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।”

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নার্সরাও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে মিছিলের আয়োজন করেন। দুপুরে করুণাময়ী থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের মাধ্যমে প্রশ্ন তোলা হয়, আরজি কর-কাণ্ডের নির্যাতিতা কবে বিচার পাবেন।

উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরাও এই মিছিলে শামিল হন। ‘মুক্ত করো ভয়’ শিরোনামে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, যেখানে অংশ নেয় প্রায় ৩০টি স্কুল। ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত যাওয়া এই মিছিলে হেয়ার স্কুল, হিন্দু স্কুল, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, মিত্র ইনস্টিটিউটের প্রাক্তনীরাও অংশ নেন। প্রায় পাঁচ হাজার প্রাক্তনী এই মিছিলে অংশগ্রহণ করেন এবং আরজি কর-কাণ্ডের সঙ্গে জড়িত সকলের শাস্তির দাবি তোলেন।

বৃষ্টির মধ্যেই দুপুরে ওয়েলিংটন স্কোয়্যার থেকে শুরু হয় আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে দ্রুত বিচার চেয়ে প্রতিবাদী মিছিল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!