বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর জন্য ১১তম International Indian Film Festival of Toronto (IIFFT)-তে সেরা পরিচালকের পুরস্কার পেলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। একই বিভাগে বলিউডের পরিচালক কবীর খানও সম্মানিত হয়েছেন তাঁর ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য। ফলে আন্তর্জাতিক মঞ্চে একই সঙ্গে স্বীকৃতি পেল বাংলা ও হিন্দি ছবির দুই পরিচালক।

এর আগে ২০২৩ সালে হিন্দি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এক দুয়া’-র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রামকমল। নতুন এই সম্মান তাঁর পরিচালনা জীবনে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন।
পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে রামকমল বলেন, মাতৃভাষায় তৈরি একটি গল্প আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাওয়ায় তাঁর আবেগ আরও বেশি। ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ তাঁর কাছে অত্যন্ত কাছের ছবি। এই ছবিতে এমন কিছু মানুষ, জায়গা এবং জীবনের গল্প তুলে ধরা হয়েছে, যেগুলি অনেক সময় আমাদের নজর এড়িয়ে যায়। কবীর খানের মতো একজন পরিচালকের সঙ্গে একই সম্মান ভাগ করে নিতে পেরে তিনি গর্বিত বলেও জানান।

এই স্বীকৃতির জন্য ছবির প্রযোজক সংগীতা সিনহা, পরিচালনা দলের সদস্য এবং IIFFT-এর বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক।
অ্যাঞ্জেল ক্রিয়েশনসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সংগীতা সিনহা। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, চন্দ্রেয়ী ঘোষ, সায়নী ঘোষ, জন ভট্টাচার্য, রাজনন্দিনী পাল এবং দেবাশিস মণ্ডল।
ছবির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রযোজক সংগীতা সিনহাও। তাঁর কথায়, আঞ্চলিক ছবির ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা থাকলেও ভালো গল্প এবং অভিনয়ের জোরে দর্শক ও বিচারকদের মন জয় করা সম্ভব। ছবিতে অভিনয়ও করেছেন তিনি।
পরিচালককে অভিনন্দন জানিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, রামকমলের কাজ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়ে আসছে। ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ লাবণ্য, উৎপল এবং কল্যাণীর চরিত্রগুলিকে যেভাবে গল্পের বিভিন্ন স্তরের সঙ্গে যুক্ত করা হয়েছে, তা পরিচালকের দক্ষতার পরিচয় দেয়।

উল্লেখ্য, ২০২৬ সালের West Bengal Film Journalists Awards-এও স্বীকৃতি পেয়েছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চন্দ্রেয়ী ঘোষ।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে জাতীয় ও রাজ্য স্তরের স্বীকৃতি—সব মিলিয়ে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর সাফল্যে বাংলা ছবির ঝুলিতে যোগ হল আরও একটি উল্লেখযোগ্য সম্মান।






