নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্য সরকারি সমস্ত প্রশাসনিক কাজের সুবিধার্থে এবার বাধ্যতামূলক করা হচ্ছে মাতৃভাষা বাংলা। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। সোমবার বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই বড় ঘোষণার কথা জানান মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকার সূত্রের খবর, এতদিন বহুক্ষেত্রে প্রশাসনিক চিঠিপত্র, সরকারি বিজ্ঞপ্তি বা এফআইআর (FIR)-এর মতো বিষয়গুলোতে ইংরেজি ভাষার উপর নির্ভর করতে হতো। কিন্তু আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের সুবিধার্থে এবং সুশাসন নিশ্চিত করতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO)—সমস্ত সরকারি পরিষেবায় অগ্রাধিকার দেওয়া হবে বাংলাকে।
বিধানসভায় বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে আসা চিঠির উল্লেখ করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, স্থানীয় ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও রাজ্য সরকারের যোগাযোগ অব্যাহত থাকবে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে পত্রালাপের ক্ষেত্রে বাংলা ও রাজভাষার প্রয়োগ করা হবে। এছাড়া, বিধায়কদের তোলা বিভিন্ন প্রশ্নের দ্রুত সমাধানের জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা চালুর কথা জানান তিনি।







