মেগা বজ্রপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে! উত্তরে অতি ভারী বৃষ্টির ‘কমলা অ্যালার্ট’, বাড়বে অস্বস্তি

মেগা বজ্রপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে! উত্তরে অতি ভারী বৃষ্টির 'কমলা অ্যালার্ট', বাড়বে অস্বস্তি

কলকাতা ও শিলিগুড়ি: বর্ষার শুরুতেই আবহাওয়ার জোড়া ফলা পশ্চিমবঙ্গে। একদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির তোড়ে বিপর্যস্ত জনজীবন, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি হলো বজ্রপাতের মেগা সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পাঞ্জাব থেকে বিহার হয়ে হরিয়ানা ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় রাজ্যজুড়ে আবহাওয়ার এই খামখেয়ালিপনা।

উত্তরবঙ্গ: জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে ‘অরেঞ্জ অ্যালার্ট’

উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কারণে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে সপ্তাহজুড়েই ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ থাকবে। মালদহ ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার ও শনিবার থেকে উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে।

দক্ষিণবঙ্গ: বজ্রপাতের অশনি সংকেত, বুধ থেকে ফের ঝড়-বৃষ্টি

দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বৃষ্টির দাপট কিছুটা কমলেও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে। তবে সোমবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর বিশেষভাবে সতর্ক করেছে— পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাকে। এই জেলাগুলিতে বৃষ্টির চেয়েও বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি। আগামী বুধ ও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ সকাল থেকেই আকাশ মূলত মেঘলা। গত ২৪ ঘণ্টায় মহানগরে ৬২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি) এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের (স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম) কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৯% থেকে ৯৮%, যার ফলে বৃষ্টি না হলে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!