১ জুন থেকে রাজ্যে মহিলাদের সরকারি বাসে ফ্রি রাইড চালু, এক্স হ্যান্ডেলে বড় বার্তা শুভেন্দুর

১ জুন থেকে রাজ্যে মহিলাদের সরকারি বাসে ফ্রি রাইড চালু, এক্স হ্যান্ডেলে বড় বার্তা শুভেন্দুর

কলকাতা: নির্বাচনী প্রতিশ্রুতি মেনেই রাজ্যে পথ চলা শুরু করল মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। আজ, ১ জুন সোমবার থেকেই দক্ষিণবঙ্গ (SBSTC) এবং উত্তরবঙ্গ (NBSTC) রাষ্ট্রীয় পরিবহণ নিগমসহ সমস্ত সরকারি বাসে এই সুবিধা পাবেন মহিলারা। শুধু সাধারণ নন-এসি বাসই নয়, এসি লোকাল এবং দূরপাল্লার সরকারি বাসের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করা হয়েছে।

আজ সপ্তাহের প্রথম কাজের দিন হওয়ায় সকাল থেকেই সরকারি বাসে অফিসযাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবহণ দপ্তর সূত্রে খবর, প্রথম ট্রিপেই রাজ্যজুড়ে এসি ও নন-এসি মিলিয়ে প্রায় ৬০০টি সরকারি বাস নামানো হয়েছে। কন্ডাক্টররা পরিচয়পত্র যাচাই করে মহিলা যাত্রীদের হাতে তুলে দিচ্ছেন ‘জিরো ভ্যালু’ থার্মাল টিকিট। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বচসা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও মোড়ে মোতায়েন রয়েছেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা।

কীভাবে মিলবে এই সুবিধা?

পরিবহণ দপ্তর জানিয়েছে, এই পরিষেবার স্থায়ী সমাধানের জন্য খুব শীঘ্রই মহিলা যাত্রীদের জন্য বিশেষ কিউআর কোড (QR Code) যুক্ত স্মার্ট কার্ড দেওয়া হবে। এর জন্য বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

তবে যতদিন না স্মার্ট কার্ড দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততদিন অস্থায়ীভাবে নিচের যেকোনোও একটি সরকারি পরিচয়পত্র দেখালেই মিলবে বিনামূল্যে ভ্রমণের সুযোগ:

  • আধার কার্ড / ভোটার কার্ড
  • প্যান কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট
  • জব কার্ড / আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড
  • পেনশন পরিচয়পত্র
  • সরকারি বা পিএসইউ (PSU) কর্মীদের অফিসিয়াল আইডি
  • স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড

‘নারী শক্তির জয়’, এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই এই মেগা প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ থেকে পরিষেবা চালু হতেই এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি একে ‘নারী শক্তির জয়’ বলে উল্লেখ করে লেখেন, “পাহাড় থেকে সমতল, মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। দেশের নারীশক্তির সশক্তিকরণে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নকে বাস্তবায়নের পথে একধাপ এগোল পশ্চিমবঙ্গ।”

অন্যদিকে, এই সিদ্ধান্তের ফলে পরিবহণ নিগমগুলোর আর্থিক ক্ষতি সামাল দিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে (NBSTC) সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!