ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কার্যত মোদি-ঝড় দেখল বাংলা। সোমবার ভোটের ফলাফল আসতেই দেখা যাচ্ছে, রাজ্যের অন্তত ৯টি জেলায় একটিও আসন দখল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল— ঘাসফুল শিবিরকে সরিয়ে জনতা বেছে নিয়েছে পদ্মকে। নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দাবি করেছিলেন, বাংলায় এবার পরিবর্তনের সংকল্প নিয়েছে মানুষ। ভোটের রায়ে সেই দাবিরই প্রতিফলন দেখছে রাজনৈতিক মহল।
এক নজরে ৯টি জেলা যেখানে খাতা খুলতে পারেনি তৃণমূল: ১. আলিপুরদুয়ার ২. জলপাইগুড়ি ৩. কালিম্পং ৪. দার্জিলিং ৫. ঝাড়গ্রাম ৬. পুরুলিয়া ৭. বাঁকুড়া ৮. পশ্চিম বর্ধমান ৯. পূর্ব মেদিনীপুর
পরিসংখ্যান কী বলছে? প্রাথমিক ট্রেন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা বদলে যায়। বিজেপি যেখানে প্রায় ২০০-র গণ্ডি ছুঁইছুঁই, সেখানে তৃণমূল আটকে গিয়েছে ৯০-এর নিচে। বিশেষ করে উত্তরবঙ্গে কোচবিহারের মাত্র ১টি আসন বাদে বাকি সব জেলাতেই ধুয়েমুছে গিয়েছে শাসক দল। পাশাপাশি দক্ষিণবঙ্গের জঙ্গলমহল এবং শিল্পাঞ্চলেও বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী সুরক্ষা এবং কর্মসংস্থানের মতো ইস্যুগুলিই এই পরিবর্তনের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে।






