কলকাতা: ২০২৬-এর শারদ উৎসবে এবার একঝাঁক হেভিওয়েট কেন্দ্রীয় নেতৃত্বকে দেখতে পেতে পারে কলকাতা। রাজ্য বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এবারের দুর্গাপুজোয় কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। ষষ্ঠী বা সপ্তমীর দিন কলকাতার কোনো মেগা পুজোয় প্রধানমন্ত্রীকে অঞ্জলি দিতেও দেখা যেতে পারে বলে সূত্রের খবর।
ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ তকমা পাওয়ার পর এবার কলকাতার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে আরও বড় মাত্রায় তুলে ধরতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ্যেই ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’ (OFBJP)-র মাধ্যমে আমেরিকা, ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের পুজোয় কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।
বিগত বছরগুলিতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে অমিত শাহের উপস্থিতি নজর কেড়েছিল। এবার রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের আবহে প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পুজো উদ্যোক্তাদের একাংশের মতে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলার পুজো আক্ষরিক অর্থেই আরও বেশি জাতীয় ও বিশ্বজনীন মর্যাদা পাবে। তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, উৎসবের বিশ্বায়ন হলেও পুজোর মূল ঐতিহ্য ও ধর্মীয় ধারায় কোনো রকম রদবদল হবে না।






