পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

মেসি-কাণ্ডে ৩ বার হাজিরা এড়িয়ে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

মেসি-কাণ্ডে ৩ বার হাজিরা এড়িয়ে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

কলকাতা: লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কিত ‘মেসি-কাণ্ডে’ অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পাওয়ার পর, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ সশরীরে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন তিনি। এর আগে পুলিশের তরফে তিন বার সমন পাঠানো হলেও শারীরিক অসুস্থতা ও অন্যান্য কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থানায় পৌঁছানোর পর অরূপ বিশ্বাসকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। পুরো জিজ্ঞাসাবাদ পর্বটির ভিডিওগ্রাফি করা হয়েছে। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ থানা থেকে বেরোন প্রাক্তন মন্ত্রী।

হাইকোর্টের শর্তসাপেক্ষ রক্ষাকবচ

মেসি-কাণ্ডে গ্রেফতারি এড়াতে এর আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস। আদালত আগামী ২ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ বা গ্রেফতারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, আইন মেনে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে প্রাক্তন মন্ত্রীকে। সেই শর্ত মেনেই এদিন থানায় আসেন তিনি। এ ছাড়া আদালত তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখার নির্দেশ দিয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কী এই ‘মেসি-কাণ্ড’?

গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর সেই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, মাঠে ভিড়ের মধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠরা মেসির অত্যন্ত কাছাকাছি চলে যান, যা আন্তর্জাতিক ফুটবল তারকার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এই পরিস্থিতির জেরে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

এই ঘটনার পর রাজ্য রাজনীতি ও ক্রীড়ামহলে তীব্র সমালোচনা শুরু হলে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন অরূপ বিশ্বাস। আদালতও শুনানির সময় প্রশ্ন তুলেছিল, ‘‘অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? কেন তিনি মেসির অত কাছে গিয়েছিলেন?’’

২২ হাজার টিকিটের রহস্য ও আর্থিক দুর্নীতির অভিযোগ

মেসির অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শতদ্রুর দাবি, মেসির এই মেগা সফরের জন্য মোট ৭০ হাজার টিকিট তৈরি করা হয়েছিল, যার মধ্যে একাই ২২ হাজার টিকিট নিয়ে নিয়েছিলেন অরূপ বিশ্বাস। অভিযোগ, এই টিকিটগুলি নিজের পরিচিতদের বিলি করার পাশাপাশি চড়া দামে অন্যত্র বিক্রিও করা হয়েছে। অনুষ্ঠানের যাবতীয় বিশৃঙ্খলা এবং অব্যবস্থার জন্য অরূপ বিশ্বাসকেই সম্পূর্ণ দায়ী করেছেন আয়োজক শতদ্রু দত্ত।

এদিকে, সিঙ্গল বেঞ্চের দেওয়া অরূপ বিশ্বাসের এই রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন শতদ্রু দত্তর আইনজীবী অরিন্দম জানা। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে থানায় হাজিরা দিলেও প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর অস্বস্তি এখনই কাটছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!