কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় তদন্তের জল আরও গড়াচ্ছে। এবার চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকার করার অভিযোগে দায়ের হল নতুন এফআইআর (FIR)। তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ শাসকদলের একাধিক নেতার।
ঘটনার দিন শ্মশানে কেন পরিবারের সদস্যদের সই ছাড়াই দেহ দাহ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, কেনই বা পুরো প্রক্রিয়ায় এত দ্রুততা দেখানো হয়েছিল—তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন নিহতের পরিবার ও আন্দোলনকারী চিকিৎসকেরা। অভিযোগ ওঠে, তথ্যপ্রমাণ লোপাট করতেই প্রশাসনের একাংশ ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব মিলে এই তাড়াহুড়ো করেছিল।
সেই অভিযোগের ভিত্তিতেই এবার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। নতুন এফআইআরে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কার নির্দেশে পরিবারের সম্মতি বা যথাযথ স্বাক্ষর ছাড়া দেহ সৎকার করা হল এবং সেই সময়ে শ্মশান চত্বরে উপস্থিত থেকে কারা প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ছাড়াও আরও কয়েকজন স্থানীয় ও রাজনৈতিক নেতার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই পদক্ষেপের ফলে আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের ষড়যন্ত্র সংক্রান্ত তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।







