একুশেপা ডিজিটাল | হাওড়া | ১২ জুন ২০২৬
হাওড়ার গঙ্গার ঘাটের চেহারা বদলাতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার ও পোর্ট ট্রাস্ট। দীর্ঘদিন ধরে আবর্জনা, দূষণ ও অব্যবস্থার কারণে সমালোচনার মুখে থাকা ঘাটগুলিকে আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে রামকৃষ্ণপুর ঘাটের কাছে গঙ্গার জলের উপর গড়ে তোলা হবে ৬০ ফুট উচ্চতার ধাতব দুর্গা মূর্তি ‘দুর্গা শক্তি’।
বৃহস্পতিবার রামকৃষ্ণপুর ঘাট এলাকা পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। তাঁর সঙ্গে ছিলেন পোর্ট ট্রাস্ট এবং এনবিসিসি-র আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত গঙ্গার পাড়কে পর্যায়ক্রমে আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে। প্রথম পর্যায়ে নির্মিত হবে ৬০ ফুট উঁচু ‘দুর্গা শক্তি’ মূর্তি। পাশাপাশি থাকবে প্রায় ২০ ফুট উচ্চতার দু’টি ধাতব ধুনুচি। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা।
নির্মাণকারী সংস্থার দাবি, গঙ্গার জোয়ার-ভাটা এবং বর্ষাকালের প্রবল স্রোতের মধ্যে এই ধরনের কাঠামো তৈরি করা প্রযুক্তিগতভাবে বড় চ্যালেঞ্জ। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজটি সম্পন্ন করা হবে।
দুর্গাপুজোর আগেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, “হাওড়ার গঙ্গার পাড়কে নতুন পরিচয় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার স্ট্র্যান্ড রোডের মতো আধুনিক ও আকর্ষণীয় রূপ পাবে এই এলাকা।”
পোর্ট ট্রাস্ট সূত্রে আরও জানা গিয়েছে, ভবিষ্যতে গঙ্গার ধার ঘেঁষে হোটেল, রেস্তরাঁ, শপিং মল, পার্ক এবং হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি লন্ডন আইয়ের আদলে একটি বিশাল ক্যান্টিলিভার অবজারভেশন হুইল তৈরির ভাবনাও রয়েছে।
এছাড়া পোর্ট ট্রাস্টের জমি দখল করে গড়ে ওঠা বেআইনি দোকান উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে। গ্র্যান্ড ফোরশোর রোড সংলগ্ন পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত গুদাম ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।






