আইএসএল জয়ী ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে সায়ন ব্যানার্জি! লাল-হলুদ ডার্বি হিরোর হঠাৎ দলবদল

আইএসএল জয়ী ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে সায়ন ব্যানার্জি! লাল-হলুদ ডার্বি হিরোর হঠাৎ দলবদল

কলকাতা: দল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদ শিবির ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানে (Mohun Bagan) যোগ দিলেন তরুণ উইঙ্গার সায়ন ব্যানার্জি (Sayan Banerjee)। আগামী মরশুমে সবুজ-মেরুন জার্সিতেই মাঠ কাঁপাতে দেখা যাবে এই বাঙালি ফুটবলারকে।

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়লেও, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) অস্কার ব্রুজোঁর পরিকল্পনায় একেবারেই জায়গা পাননি সায়ন। মরশুমের শেষভাগে কোনও ম্যাচেই তাঁকে প্রথম একাদশে রাখা তো দূর, পরিবর্ত হিসেবেও মাঠে নামানো হয়নি। মূলত পর্যাপ্ত ‘গেম টাইম’ বা মাঠে খেলার সুযোগ না পাওয়ার ক্ষোভ থেকেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ তুর্কি, এমনটাই খবর সূত্রের।

মোহনবাগান ফুটবল ক্লাব ইতিমধ্যে তাদের কলকাতা ফুটবল লিগের (CFL) প্রস্তুতি শুরু করার ঘোষণা দিয়েছে। বুধবার থেকে বাস্তব রায়ের কোচিংয়ে শুরু হচ্ছে সবুজ-মেরুনের অনুশীলন। সায়নকে মূলত কলকাতা লিগের কথা মাথায় রেখেই সই করানো হয়েছে। তবে বাগান সমর্থকদের মনে প্রশ্ন, কলকাতা লিগে খেলা নিশ্চিত হলেও, মোহনবাগানের সিনিয়র স্কোয়াডে কি নিয়মিত সুযোগ পাবেন সায়ন?

উল্লেখ্য, প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে অভিষেক হয়েছিল সায়নের। কলকাতা ডার্বিতে দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে তাঁর মাঠের উত্তপ্ত বাক্যবিনিময় কিংবা পাঞ্জাব এফসির বিরুদ্ধে তাঁর করা গুরুত্বপূর্ণ গোল—সবই সমর্থকদের মনে টাটকা। কিন্তু কুয়াদ্রাত বিদায় নিতেই সায়নের ভাগ্যবদল ঘটে। আইএসএল ট্রফি জয়ের পরই তাই লাল-হলুদ অধ্যায়ে ইতি টেনে সবুজ-মেরুন শিবিরে নতুন চ্যালেঞ্জ নিলেন সায়ন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!