নিজস্ব প্রতিবেদন, হাওড়া: শিল্পায়নে বড়সড় চমক পশ্চিমবঙ্গে। রাজ্যে গড়ে উঠতে চলেছে বিশ্বের বৃহত্তম দই কারখানা। গুজরাটের খ্যাতনামা দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা ‘আমূল’ (Amul) এই মেগা প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হাওড়ার সালকিয়া ফুড পার্কে তৈরি হবে এই অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্ট। জানা গেছে, দুই দফায় মোট ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থাটি।
আমূলের ম্যানেজিং ডিরেক্টর (MD) জয়েন মেহতা জানিয়েছেন, এটিই হতে চলেছে বাংলায় আমূলের প্রথম সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন (Fully Owned) ডেয়ারি প্ল্যান্ট। এই কারখানায় প্রতিদিন গড়ে ১০ লক্ষ কেজি দই, লস্যি, সরবৎসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদিত হবে।
এক নজরে মেগা প্রকল্প:
- বিনিয়োগ: প্রায় ৬৫০ কোটি টাকা।
- অবস্থান: সালকিয়া ফুড পার্ক, হাওড়া।
- দৈনিক উৎপাদন: ১০ লক্ষ কেজি (দই, লস্যি ও দুগ্ধজাত পণ্য)।
- মালিকানা: আমূলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন প্ল্যান্ট।
শিল্প মহলের মতে, নতুন রাজনৈতিক পটভূমিতে এই বিপুল বিনিয়োগ রাজ্যের দুগ্ধ পরিকাঠামোকে যেমন শক্তিশালী করবে, তেমনই কয়েক হাজার যুবকের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করবে। আমূল সূত্রে খবর, ২০১৫ সালে বিগত সরকারের আমলেই এই প্রকল্পের মৌ (MoU) স্বাক্ষরিত হয়েছিল, যা বর্তমান নতুন সরকারের সময়ে এসে চূড়ান্ত রূপ পাচ্ছে এবং গতি বাড়াচ্ছে। বর্তমানে বাংলায় প্রতিদিন ১০ লক্ষ লিটার দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করে আমূল। নতুন এই প্ল্যান্ট চালু হলে বাংলায় তাদের উৎপাদন ক্ষমতা এক ধাক্কায় দ্বিগুণ হয়ে যাবে।






