কলকাতা: প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের শেষযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজায় উত্তপ্ত হয়ে উঠল নন্দন চত্বর। শুক্রবার দুপুরে যখন তাঁর নিথর দেহ নন্দনে এসে পৌঁছায়, তখন সেখানে ‘ভূতের ভবিষ্যৎ’-এর স্রষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিনোদন ও রাজনৈতিক জগতের একঝাঁক ব্যক্তিত্ব। সেখানেই টলিউডে বিগত বছরের ‘বয়কট সংস্কৃতি’ এবং পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা ও অভিনেত্রীরা।

পরিচালকের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করতে এসে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বিগত ১৫ বছর ধরে অনীক দত্তর ছবিকে নন্দনে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়নি। তিনি প্রতিশ্রুতি দেন, বর্তমান বিজেপি জমানায় এই ‘ব্যান কালচার’ আর থাকবে না এবং শিল্পীকে তাঁর রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে সম্মান দেওয়া হবে।

একই সুর শোনা যায় অভিনেত্রী পাপিয়া অধিকারীর গলাতেও। তিনি টলিবিল্ডকে ‘রাহুমুক্ত’ বলে দাবি করে পূর্বতন প্রশাসনকে তীব্র আক্রমণ করেন। এমনকি এই মানসিক নির্যাতনকে ‘এক ধরনের খুন’ বলেও অভিহিত করেন তিনি। নাম না করে ক্ষোভ উগরে দেন রূপা গঙ্গোপাধ্যায়ও।

অন্য দিকে, বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ ঘোষণা করেন, পূর্বতন সরকার অনীক দত্তর যে সকল ছবি নন্দনে প্রদর্শনে বাধা দিয়েছিল, বর্তমান সরকার খুব শীঘ্রই সেই সমস্ত ‘ব্রাত্য’ ছবি এখানে প্রদর্শনের ব্যবস্থা করবে।


এদিন নন্দন চত্বরে বিমান বসু, সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত এবং অভিনেতা জিৎ সহ টলিপাড়ার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হয়ে প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানান। নন্দন থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় এনটিওয়ান স্টুডিওতে, সেখান থেকেই সম্পন্ন হবে শেষকৃত্য






