কলকাতা: রাজনৈতিক পট পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই বড় পদক্ষেপ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর চর্চিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। আগামী ৮ মে, শুক্রবার থেকে কলকাতার পাশাপাশি জেলাস্তরের হলগুলিতেও দেখা যাবে এই সিনেমা।
বিবেক অগ্নিহোত্রীর দাবি, বিগত সরকারের আমলে ছবিটির ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি ছিল। এমনকি সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকা সত্ত্বেও বাংলার কোনো হল মালিক ছবিটি প্রদর্শনে সাহস দেখাননি। কলকাতায় ট্রেলার লঞ্চ করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছিল টিমকে। এবার রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতির ৯৬ ঘণ্টার মধ্যেই ছবিটি মুক্তির তোড়জোড় শুরু হয়েছে।
দক্ষিণ কলকাতার নামী সিঙ্গল স্ক্রিন প্রিয়া সিনেমা-তে দেখা যাবে এই ছবি। হল মালিক অরিজিৎ দত্ত জানান, “একটি রাজনৈতিক দলের নির্দেশ ও স্বৈরাচারের কারণে সেন্সর প্রাপ্ত ছবিও এতদিন দেখানো যায়নি। মানুষের মধ্যে এই ছবি নিয়ে প্রবল কৌতূহল ছিল। অবশেষে সেই সুযোগ আসছে।” সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা শতদীপ সাহা জানিয়েছেন, শুধুমাত্র কলকাতাই নয়, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন হলের তালিকা তৈরি করা হচ্ছে যাতে দ্রুত ছবিটি সর্বত্র পৌঁছনো যায়।
যাদবপুর থেকে জেলা—আইনি জটিলতা ও তৃণমূল স্তরের বিরোধ কাটিয়ে ‘দ্য বেঙ্গল ফাইলস’ এখন কতটা বক্স অফিস কাঁপাতে পারে, সেদিকেই নজর টলিউড ও রাজনৈতিক মহলের।






