কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এলেন প্রয়াত অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পাল। এবার সরাসরি তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তাঁর স্ত্রী নন্দিনী পাল এবং মেয়ে সোহিনী পাল।
এক সাক্ষাৎকারে নন্দিনী পাল দাবি করেন, একসময় তাপস পাল দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হলেও পরবর্তীকালে তাঁকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, কঠিন সময়ে দলের তরফে কোনও সহযোগিতা পাননি তাপস পাল। এমনকি বহুবার যোগাযোগের চেষ্টা করেও শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি।
মেয়ে সোহিনী পালের অভিযোগ আরও বিস্ফোরক। তাঁর দাবি, বেশ কিছু দুর্নীতি এবং অনিয়ম নিয়ে তাপস পাল দলীয় নেতৃত্বকে সতর্ক করতে চেয়েছিলেন। সেই সংক্রান্ত তথ্য ও চিঠিও পাঠানো হয়েছিল বলে দাবি পরিবারের। তবে অভিযোগ, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি।
সোহিনীর কথায়, “বাবা ভীষণ মানসিক চাপে ছিলেন। তিনি দলের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ সময়ে দল বাবার পাশে দাঁড়ায়নি।” তাঁর আরও দাবি, তাপস পালের মৃত্যুর পরও পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি তৃণমূল নেতৃত্ব।
রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে তাপস পালের পরিবারে এই বিস্ফোরক মন্তব্য নতুন করে রাজনৈতিক চর্চা উসকে দিয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল একসময় তৃণমূলের সাংসদ ছিলেন। তবে জীবনের শেষদিকে একাধিক বিতর্ক ও আইনি সমস্যায় জড়িয়ে পড়েন তিনি। ২০২০ সালে তাঁর মৃত্যু হয়।






