নিজস্ব প্রতিবেদন, মুম্বই: বলিউডে কি ফের ‘কোল্ড ওয়ার’-এর গন্ধ? একই দিনে টিনসেল টাউনের দুই মহারথীর মেগা ঘোষণা ঘিরে এখন সরগরম নেটপাড়া। একদিকে যখন সলমন খান তাঁর আগামী ছবি ‘SVC63’-এর ঘোষণা করলেন, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই রণহুঙ্কার দিয়ে হাজির শাহরুখ খান। প্রকাশ্যে এল কিং খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ (King)-এর লেটেস্ট টিজার এবং মুক্তির তারিখ।
শুক্রবার বিকেলে রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে শেয়ার করা ২৯ সেকেন্ডের সেই টিজারে শাহরুখের কণ্ঠে শোনা গেল হাড়হিম করা সংলাপ— “ডর নেহি, দহেশত হুঁ!” (ভয় নয়, আমি আতঙ্ক!)। এই টিজার প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে সিনেমা প্রেমীদের নজর কেড়েছে অন্য একটি সমাপতন।
A ROAR loud enough to shake the KINGdom. ❤️🔥#KING arriving on 24.12.2026#ItsKINGTime pic.twitter.com/Kclz2YHUqL
— redchillies.color (@color_rcvfx) April 24, 2026
বড়দিনেই কি ‘রাজ’ করবেন বাদশা?
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ওই একই দিনে সলমন খানও তাঁর নতুন প্রোজেক্টের মু্হূর্ত ভিডিও শেয়ার করেন। যদিও ভাইজানের ছবিটি ২০২৭-এর ঈদে আসার কথা, তবুও একই দিনে শাহরুখের ‘কিং’-এর তারিখ ঘোষণা নিয়ে শুরু হয়েছে ফিসফাস। নেটপাড়ার একাংশের দাবি, সলমনকে টেক্কা দিতে বা খবরের লাইমলাইট নিজের দিকে টানতেই কি তড়িঘড়ি এই ঘোষণা করলেন কিং খান?
কী আছে ‘কিং’-এর টিজারে?
ভাইরাল হওয়া টিজারে শাহরুখকে দেখা গিয়েছে একেবারে ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে। সল্ট-অ্যান্ড-পেপার চুল, চোখেমুখে রক্তের দাগ এবং বিধ্বংসী অ্যাকশন। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যা সুহানা খানের। লুই বেসঁ-র ফ্রেঞ্চ ক্লাসিক ‘লিওঁ: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত এই ছবিটি ভারতের অন্যতম ব্যয়বহুল অ্যাকশন ড্রামা হতে চলেছে। সূত্রের খবর, ছবিটির বাজেট প্রায় ৩৫০ কোটি টাকা।
বক্স অফিস লড়াইয়ের প্রস্তুতি?
২০২৬-এর ডিসেম্বরে বড় কোনো হলিউড রিলিজের (যেমন Avengers: Doomsday) ক্ল্যাশ এড়াতে আগেভাগেই ২৪ ডিসেম্বর তারিখটি লক করে ফেলেছেন নির্মাতারা। ছবিতে শাহরুখ ও সুহানা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চন ও অভয় বর্মাকে।
সব মিলিয়ে, ২০২৬-এর বড়দিন যে বক্স অফিসে আগ্নেয়গিরি হতে চলেছে, তা বলাই বাহুল্য। শাহরুখের এই ‘দহেশত’ কি পারবে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করতে? এখন সেটাই দেখার।






