নয়াদিল্লি/কলকাতা: দেশজুড়ে রান্নার গ্যাস (LPG) সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে এখনও সব রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ পুরোপুরি শুরু করতে পারেনি। এর মধ্যেই কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল তেল সংস্থাগুলি।
নতুন নির্দেশ অনুযায়ী, কোনও গ্রাহক যদি গত ৯ মাস ধরে গ্যাস সিলিন্ডার না কিনে থাকেন, তাহলে নতুন করে সিলিন্ডার পেতে হলে ই-কেওয়াইসি (e-KYC) জমা বাধ্যতামূলক।
তেল সংস্থা সূত্রে খবর, এমন বহু গ্রাহকের খোঁজ মিলেছে যারা দীর্ঘদিন—এমনকি কয়েক বছর ধরে সিলিন্ডার নেননি, কিন্তু হঠাৎ এখন গ্যাস নিতে আসছেন। ডিলারদের অভিযোগ, এই ধরনের সিলিন্ডারের একটা অংশ বেআইনিভাবে হোটেল-রেস্তরাঁয় ব্যবহার করা হচ্ছে।
এই পরিস্থিতিতে কালোবাজারি রুখতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। তেল সংস্থার দাবি, ই-কেওয়াইসি বাধ্যতামূলক করলে সিলিন্ডারের ব্যবহার ও গন্তব্য ট্র্যাক করা সহজ হবে, ফলে জালিয়াতি কমবে।
অন্যদিকে, ডিস্ট্রিবিউটরদের তরফে আরও একটি সমস্যা সামনে এসেছে। অনেক গ্রাহক ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) না দিয়েই সিলিন্ডার নিতে চাইছেন, যা নিয়মবিরুদ্ধ। সংস্থাগুলি স্পষ্ট জানিয়েছে, এই কোড ছাড়া কোনওভাবেই সিলিন্ডার ডেলিভারি দেওয়া হবে না।
ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, অনেক সময় গ্রাহকের মোবাইল নম্বর সক্রিয় না থাকায় DAC মেসেজ পৌঁছয় না। ফলে ডেলিভারির সময় বিভ্রান্তি তৈরি হচ্ছে।
তেল সংস্থাগুলির পরামর্শ—
👉 গ্রাহকদের মোবাইল নম্বর সচল রাখতে হবে
👉 ই-কেওয়াইসি আপডেট রাখা জরুরি
👉 নিয়ম মেনে DAC ব্যবহার করেই সিলিন্ডার গ্রহণ করতে হবে
বর্তমান পরিস্থিতিতে প্রতিটি বাড়িতে সঠিকভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করাই তেল সংস্থার প্রধান লক্ষ্য—এ কথা স্পষ্ট করেছে সংশ্লিষ্ট মহল।






