পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

মৌনী অমাবস্যায় সঙ্গমে জনসমুদ্র! সকাল ৮টার মধ্যেই ১ কোটির বেশি পূণ্যার্থী স্নানে অংশগ্রহণ, কড়া নিরাপত্তায় প্রয়াগরাজ

মৌনী অমাবস্যায় সঙ্গমে জনসমুদ্র! সকাল ৮টার মধ্যেই ১ কোটির বেশি পূণ্যার্থী স্নানে অংশগ্রহণ, কড়া নিরাপত্তায় প্রয়াগরাজ

প্রয়াগরাজ: মাঘ মাসের অমাবস্যা তথা মৌনী অমাবস্যা উপলক্ষে রবিবার ভোর থেকেই প্রয়াগরাজের সঙ্গম তীরে উপচে পড়ল ভক্তদের ঢল। প্রশাসনিক সূত্রের খবর, সকাল ৮টার মধ্যেই ১ কোটির বেশি পূণ্যার্থী গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে পবিত্র স্নান সম্পন্ন করেছেন। দিন শেষে এই সংখ্যা ৩ কোটির গণ্ডি ছুঁতে পারে বলে অনুমান।

গতকাল সন্ধ্যা থেকেই ঘাট এলাকায় ভিড় জমতে শুরু করে। রাতভর ট্রেন, বাস ও ব্যক্তিগত যানবাহনে করে লক্ষ লক্ষ মানুষ পৌঁছান প্রয়াগরাজে। মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে গোটা মেলা এলাকাকে কার্যত দুর্গে পরিণত করেছে প্রশাসন।

প্রয়াগরাজ বিভাগের কমিশনার সৌম্য আগরওয়াল জানিয়েছেন, ভক্তদের সুষ্ঠু চলাচল ও নিরাপত্তার জন্য একাধিক করিডর তৈরি করা হয়েছে। মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক দল।

নিরাপত্তার প্রশ্নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, পিএসি, র‍্যাপিড অ্যাকশন ফোর্স, জল পুলিশ ও ডুবুরি দল ঘাটজুড়ে নজরদারি চালাচ্ছে। পাশাপাশি এটিএস ও গোয়েন্দা সংস্থাও এলাকায় সক্রিয়।

মাঘ মেলার আধিকারিক ঋষি রাজ জানান, সঙ্গম ঘাট এলাকায় প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ অস্থায়ী ঘাট নির্মাণ করা হয়েছে। সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে একসঙ্গে ৩ থেকে ৪ কোটি মানুষের ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় পাল শর্মা জানান, ভিড় নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সক্ষম সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে রিয়েল টাইম মনিটরিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রায় ৮০০ হেক্টর এলাকাজুড়ে সাতটি সেক্টরে মেলা আয়োজন করা হয়েছে। ভক্তদের সুবিধার জন্য বসানো হয়েছে ২৫ হাজারের বেশি অস্থায়ী শৌচাগার। পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছেন ৩,৫০০-এর বেশি সাফাই কর্মী। গোটা এলাকায় ১০ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, মৌনী অমাবস্যার আগের দিন শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১.৫ কোটি মানুষ স্নান করেছিলেন। তার আগে মকর সংক্রান্তিতে ১.০৩ কোটি এবং একাদশীতে প্রায় ৮৫ লক্ষ ভক্ত পবিত্র স্নানে অংশ নেন।

প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে দিনভর ভিড় আরও বাড়বে বলে সতর্কতা জারি রাখা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!