মুম্বই পুরভোটে বড়সড় রাজনৈতিক পালাবদল। দীর্ঘদিনের ঠাকরে দুর্গ ভেঙে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এ নিরঙ্কুশ জয়ের দিকে বিজেপি-শিবসেনা ‘মহাযুতি’ জোট। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২২৭টি ওয়ার্ডের মধ্যে ১১৬টি আসনে এগিয়ে রয়েছে এই জোট। এককভাবে বিজেপিই লিড নিচ্ছে ৮৮টি ওয়ার্ডে।
এই জয়ের মধ্যেই নজর কেড়েছে এক বিশেষ নাম — বাঙালি কন্যা জয়া রথীন দত্ত। থানে সংলগ্ন মীরা-ভায়ান্দর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি। এর মাধ্যমে প্রথম মহিলা বাঙালি কাউন্সিলর হিসেবে ইতিহাস তৈরি করলেন জয়া।
জয়ার এই সাফল্যে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপিও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে লেখেন, “একজন বাঙালি বোনকে নির্বাচিত করার জন্য মহারাষ্ট্রের মানুষকে ধন্যবাদ। এই জয় নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।”
রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সাংগঠনিক কৌশল ও নির্বাচনী পরিকল্পনার ফলেই বিজেপি আগের বারের ৮২টি আসনের রেকর্ড ছাড়িয়ে এবার ৮৮-তে পৌঁছেছে। ফলে দেশের আর্থিক রাজধানীর প্রশাসনিক নিয়ন্ত্রণ কার্যত গেরুয়া শিবিরের দিকেই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।






