এ বারের আসরেও ফেবারিট আয়ুষ মাত্রের দল, নজরে ১৪ বছরের বৈভব সূর্যবংশী
একুশে পা নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। টানা পাঁচ বার ফাইনাল খেলা ভারত এ বারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার। সফলতম দল হিসেবেও শীর্ষে রয়েছে ভারত—পাঁচ বার চ্যাম্পিয়ন। অধিনায়ক আয়ুষ মাত্রের নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে নামছে নীল-জার্সিধারীরা।
এ বারের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করছে জ়িম্বাবোয়ে ও নামিবিয়া। আয়োজক হওয়ায় জ়িম্বাবোয়ে সরাসরি মূলপর্বে খেললেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়া মূলপর্বে জায়গা পায়নি। যোগ্যতা অর্জন পর্ব থেকেও তারা উঠতে পারেনি।
অংশগ্রহণকারী দল ও গ্রুপ বিন্যাস
২০২৪ সালের বিশ্বকাপের প্রথম ১০টি দল সরাসরি খেলছে। তারা হল—অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ়, পাকিস্তান, আয়ারল্যান্ড ও বাংলাদেশ। যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে এসেছে তানজ়ানিয়া, আফগানিস্তান, জাপান, স্কটল্যান্ড ও আমেরিকা। মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
- গ্রুপ ‘এ’: ভারত, নিউ জ়িল্যান্ড, বাংলাদেশ, আমেরিকা
- গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, জ়িম্বাবোয়ে
- গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জাপান
- গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, আফগানিস্তান, তানজ়ানিয়া
প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে ‘সুপার সিক্স’-এ। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে যাবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।
ভারতের ম্যাচ সূচি
ভারতের প্রথম ম্যাচ ১৫ জানুয়ারি আমেরিকার বিরুদ্ধে। ১৭ জানুয়ারি প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ ২৪ জানুয়ারি, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সব ম্যাচই ভারতীয় সময় দুপুর ১টা থেকে।
ভারতের শক্তি ও নজরকাড়া নাম
এ বারের ভারতীয় দলে অধিনায়ক আয়ুষ মাত্রের পাশাপাশি রয়েছেন বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডু, বিহান মালহোত্রা, মহম্মদ এনান, হেনিল পটেল ও কিশন সিংহ। বিশেষ নজরে ১৪ বছরের ব্যাটার বৈভব—যাঁকে ঘিরে বাড়তি প্রত্যাশা। প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারালেও ইংল্যান্ডের বিরুদ্ধে ডার্ক-লুইস পদ্ধতিতে হেরেছে ভারত। তবে তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ়ে ভাল পারফরম্যান্স আত্মবিশ্বাস জুগিয়েছে।
অন্য দাবিদাররা
চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান যথেষ্ট শক্তিশালী। ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশও চমক দিতে পারে। পাশাপাশি তানজ়ানিয়ার পারফরম্যান্স নজর কাড়ছে—প্রস্তুতি ম্যাচে জাপান ও আয়ারল্যান্ডকে হারিয়ে তারা আলোচনায়।






