নয়াদিল্লি, ৬ জানুয়ারি ২০২৬:
দীর্ঘ অনিশ্চয়ের অবসান। অবশেষে শুরু হতে চলেছে Indian Super League (ISL) ২০২৫-২৬ মরসুম। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মাঠে গড়াবে দেশের শীর্ষ ফুটবল লিগ।
সূত্রের খবর, বাণিজ্যিক ও প্রশাসনিক জটিলতার জেরে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তায় ছিল নতুন মরসুম। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে All India Football Federation (AIFF), লিগ কর্তৃপক্ষ এবং ISL-এর সমস্ত ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকেই মরসুম শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর জানানো হয়েছে, সবক’টি ক্লাবই ২০২৫-২৬ মরসুমে অংশ নেবে। লিগটি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আয়োজন করা হবে এবং পুরো মরসুমে মোট ৯১টি ম্যাচ খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও জানা গিয়েছে, একই সময়ের কাছাকাছি আই-লিগও সংক্ষিপ্ত ফরম্যাটে আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের ফুটবল ক্যালেন্ডার স্বাভাবিক রাখা যায়।
ফুটবলপ্রেমীদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন ক্লাব কর্তা থেকে সমর্থকরা।






