নয়াদিল্লি: প্রকাশ্যে এল বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত বহুচর্চিত ছবি ‘The Kerala Story 2: Goes Beyond’-এর মোশন পোস্টার। নির্মাতাদের দাবি অনুযায়ী, প্রতিটি ফ্রেমে ধরা পড়েছে ভয়, যন্ত্রণা ও বাস্তবের কঠিন সত্য। একই সঙ্গে জানানো হয়েছে, ছবির টিজার মুক্তি পাবে ৩০ জানুয়ারি।
মোশন পোস্টারে একাধিক নারীর মুখে আতঙ্ক, কান্না ও ক্ষোভের অভিব্যক্তি স্পষ্ট। পোস্টার দেখে অনুমান করা হচ্ছে, প্রথম পর্বের তুলনায় আরও গভীর ও সংবেদনশীল বাস্তবতাকে তুলে ধরতে চলেছে সিক্যুয়েল। নির্মাতারা জানিয়েছে, ছবিটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি।
প্রথম পর্ব ‘The Kerala Story’ দেশজুড়ে ব্যাপক আলোড়ন ফেলে দেয়। বক্স অফিসে বড় সাফল্যের পাশাপাশি দুটি বিভাগে জাতীয় পুরস্কারও জেতে ছবিটি। সেই সাফল্যের পরই আরও বড় ক্যানভাসে এগোচ্ছে সিক্যুয়েল।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কামাখ্যা নারায়ণ সিং। চিত্রনাট্য লিখেছেন অমরনাথ ঝা ও বিপুল অমৃতলাল শাহ। সহ-প্রযোজক আশিন এ শাহ। সংগীত পরিচালনায় মান্নান শাহ, গান লিখেছেন মনোজ মুনতশির।
প্রযোজনা সংস্থা Sunshine Pictures জানিয়েছে, ‘The Kerala Story 2: Goes Beyond’ আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এদিকে মোশন পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই একে বছরের অন্যতম আলোচিত সিনেমা হিসেবে দেখছেন। এখন নজর ৩০ জানুয়ারির টিজার মুক্তির দিকে।





