টলিউডে ফের মাথাচাড়া দিল তাঁদের সম্পর্কের গুঞ্জন। ধারাবাহিক ‘কথা’ চলাকালীনই শুরু হয়েছিল অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে–কে ঘিরে কানাঘুষো। সিরিয়াল শেষ হলেও বদলায়নি পরিস্থিতি—বিভিন্ন শুট, অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে তাঁদের একসঙ্গে দেখা যায় নিয়মিত।
সোমবার সাহেবের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় দুই জনের ছবি শেয়ার করলেন সুস্মিতা। লাল শাড়িতে অভিনেত্রী ও কালো শার্টে সাহেব—সাম্প্রতিক এক অনুষ্ঠানে তোলা সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। পোস্টে সুস্মিতা লিখেছেন,
“শুভ জন্মদিন ভট্টাচার্য রাজা… তোমার মনটা অত্যন্ত ভাল। চিরকাল এমনই থেকো। প্রত্যেকের জীবনে একজন সাহেব ভট্টাচার্য থাকা উচিত।”
এই ক্যাপশনকে ঘিরেই বেড়েছে জল্পনা। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি কেউই। অনুরাগীদের মতে, অনস্ক্রিনের পর এবার অফস্ক্রিনেও তাঁরা ‘রিয়েল লাইফ জুটি’ হতে চলেছেন কিনা সেটাই দেখার।
এর আগে দীর্ঘ সম্পর্কে ছিলেন সুস্মিতা। বাগদান পর্যন্ত গড়ানো সেই সম্পর্ক ভেঙে যায় ‘কথা’ ধারাবাহিকের সময়। তারপর থেকেই সাহেব–সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়।
তবে সম্পর্কের সত্যতা—এখনও রহস্যেই।






