নয়াদিল্লি: প্রয়াত হলেন দূরদর্শনের প্রাক্তন ও খ্যাতনামা সংবাদ উপস্থাপিকা সরলা মাহেশ্বরী। বৃহস্পতিবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ সংবাদমহল ও টেলিদুনিয়া।
আট ও নয়ের দশকে দূরদর্শন-এর সংবাদপাঠের অন্যতম পরিচিত মুখ ছিলেন সরলা মাহেশ্বরী। মৃদু কণ্ঠস্বর, স্পষ্ট উচ্চারণ এবং সংযত উপস্থাপনার মাধ্যমে তিনি দ্রুতই দর্শকদের আস্থা অর্জন করেন। সে সময় দূরদর্শনের প্রধান সংবাদ বুলেটিনে তাঁর উপস্থিতি মানেই ছিল নির্ভরযোগ্যতার প্রতীক।

দূরদর্শনের তরফে এক্স (পূর্বতন টুইটার)-এ প্রকাশিত শোকবার্তায় জানানো হয়েছে, সরলা মাহেশ্বরীর সংবাদপাঠের ভঙ্গি ও ব্যক্তিত্ব ভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে এক আলাদা মানদণ্ড স্থাপন করেছিল। পোস্টে বলা হয়, “দূরদর্শন পরিবারের তরফে শ্রীমতী সরলা মাহেশ্বরীকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তাঁর কণ্ঠ ও উপস্থাপনা দর্শকমনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে।”
दूरदर्शन की सुप्रसिद्ध न्यूज़ रीडर सरला माहेश्वरी जी का निधन टीवी पत्रकारिता के एक स्वर्णिम युग का अंत है।
— All India Mahila Congress (@MahilaCongress) February 12, 2026
उनकी विश्वसनीयता और शालीनता आने वाली पीढ़ियों के लिए हमेशा प्रेरणा रहेगी।
ईश्वर उनकी आत्मा को शांति प्रदान करे।
भावपूर्ण श्रद्धांजलि 🙏 pic.twitter.com/8n9QlyhTOI
জানা গিয়েছে, নয়াদিল্লির নিগম বোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শুক্রবার সকালে তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ শুরু হয়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি ও দর্শকেরা তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানান। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের তরফেও শোকবার্তা জানানো হয়েছে।
সংবাদমহলের একাংশের মতে, সরলা মাহেশ্বরীর প্রয়াণ ভারতীয় টেলিভিশন সাংবাদিকতার এক অধ্যায়ের অবসান। দূরদর্শনের সেই স্বর্ণযুগের স্মৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবেন তিনি।






