১৯৯০ সালের ‘আশিকি’ ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন রাহুল রয়। তিন দশকেরও বেশি সময় পরে সেই নায়ককে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন বাস্তবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও—যেখানে বিহারের এক বিয়েবাড়ির অনুষ্ঠানে গিটার হাতে নিজের পুরনো গানেই ঠোঁট মেলাচ্ছেন রাহুল।
ভিডিওটি ছড়াতেই নেটিজেনদের মধ্যে দুঃখ, বিস্ময় আর আফসোসের সুর। কেউ লিখেছেন, “অর্থের জন্য কত কঠিন পরিস্থিতি সামলাতে হয়!” আবার কেউ মন্তব্য করেছেন, “ওঁকে এভাবে দেখতে খারাপ লাগছে। বলিউডের লজ্জিত হওয়া উচিত।”
Showbiz can be cruel. pic.twitter.com/gOqlHoarJP
— Wokeflix (@wokeflix) November 29, 2025
‘আশিকি’ মুক্তি পেয়েছিল মাত্র ৩০ লক্ষ টাকার বাজেটে, ব্যবসা করেছিল প্রায় ৫ কোটি। সেই ছবিই রাহুল ও অনু আগরওয়ালকে জাতীয় খ্যাতি এনে দেয়। কিন্তু পরবর্তী সময় রাহুল আর সেই সাফল্য ধরে রাখতে পারেননি। ‘জুনুন’ ছাড়া তাঁর আর কোনও ছবি বিশেষ চলেনি। ধীরে ধীরে ঢেকে গিয়েছে তারকাখ্যাতির আলো।
২০২০ সালে মস্তিষ্কে স্ট্রোকের শিকার হন অভিনেতা। পরে এক সাক্ষাৎকারে জানান—হাসপাতালের কিছু বিল শোধ করতে সাহায্য করেছিলেন সলমন খান। সেই থেকেই স্পষ্ট হয় তাঁর আর্থিক চাপের বাস্তবতা।
তাই বিয়েবাড়িতে গিটার হাতে দেখা যাওয়ার ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে—‘আশিকি’ নায়ক কি এখনও সংগ্রামে? নেটিজেনদের মতে, এই ভিডিও বলছে এক সময়ের বলিউড তারকার কঠিন পথচলার গল্প।






