রাহুলের মৃত্যুতে ফুঁসছে টলিউড, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক আর্টিস্ট ফোরামের

রাহুলের মৃত্যুতে ফুঁসছে টলিউড, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক আর্টিস্ট ফোরামের

কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কেবল শোক নয়, টলিউডের অন্দরে থাকা দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার ক্ষোভকেও সামনে এনে দিল। রাহুলের মৃত্যুতে ধোঁয়াশা না কাটায় এবার কড়া পদক্ষেপ নিল আর্টিস্ট ফোরাম। মঙ্গলবার সকাল ১০টা থেকে স্টুডিও পাড়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। পরিষ্কার জানানো হয়েছে, যতক্ষণ না শিল্পী ও কলাকুশলীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা এবং নির্দিষ্ট SOP (Standard Operating Procedure) তৈরি হচ্ছে, ততক্ষণ শুটিং ফ্লোরে ফিরবেন না শিল্পীরা।

একজোট টলিউড: প্রসেনজিৎ থেকে ঋতুপর্ণা রবিবার টেকনিশিয়ান স্টুডিওতে এক জরুরি বৈঠকে বসেছিল আর্টিস্ট ফোরাম। বৈঠক শেষে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “রাহুল আমাদের ছেড়ে চলে গিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে একজোট করে দিয়ে গেল। শিল্পী, টেকনিশিয়ান, সবার নিরাপত্তা দরকার। আমরা মঙ্গলবার থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এমন একটা সিস্টেম চাই যেখানে সবার নিরাপত্তা সুনিশ্চিত হবে।”

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “এটা মানবিকতার লড়াই। রাহুল যেভাবে চলে গেল তা কাম্য নয়। আমরা শেষ পর্যন্ত লড়ব জানতে, কেন এমন হলো।” পরিচালক কৌশিক গাঙ্গুলি সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল ১০টায় সমস্ত শিল্পীদের টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

দাবি কী? ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে:

  • শুটিংয়ের সময় শিল্পী ও কলাকুশলীদের জন্য কঠোর নিরাপত্তা বিধি বা SOP মানতে হবে।
  • ঝুঁকিপূর্ণ শটের ক্ষেত্রে যথাযথ সুরক্ষা সরঞ্জাম থাকতে হবে।
  • রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।
  • দুর্ঘটনা ঘটলে শিল্পী ও তাঁর পরিবারের মর্যাদার সুরক্ষা দিতে হবে।

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস প্রশ্ন তুলেছেন, “রাহুল যে চলে গেল, তার দায়ভার কে নেবে? আমরা কি বাড়ি থেকে বেরিয়ে ফেরার গ্যারান্টি পাব না?” প্রযোজক সংস্থাও এই নিরাপত্তার দাবিকে সমর্থন জানিয়েছে বলে খবর। আপাতত মঙ্গলবার থেকে বন্ধ থাকছে মেগা সিরিয়াল ও সিনেমার শুটিং।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!