নয়াদিল্লি/কলকাতা, ১১ জানুয়ারি:
ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী ও জনপ্রিয় গায়ক-অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। রবিবার সকালে দিল্লির দ্বারকা এলাকায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৩ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি । সেই অনুষ্ঠান করে তিনি দিল্লিতে ফিরে এসেছিলেন । রবিবার দিল্লির বাড়িতেই সকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি । চলচ্চিত্র নির্মাতা রাজেশ ঘটানি প্রশান্তের মৃত্যুর খবরে শিলমোহর দিয়েছেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাককেই মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়েছে।

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’ জিতে দেশজুড়ে পরিচিতি পান প্রশান্ত তামাং। তাঁর জয় শুধু একটি সংগীত প্রতিযোগিতার সাফল্য ছিল না, বহু মানুষের কাছে তা হয়ে উঠেছিল আবেগের বিষয়। সংগীতজগতে জনপ্রিয় হওয়ার আগে তিনি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি পাতাললোক-২ সিরিজে ভিলেনের চরিত্রে রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন প্রশান্ত। পাতাললোকের পর সলমন খানের ব্যাটেল অফ গালওয়ানেও অভিনয় করেছেন প্রশান্ত তামাং। এমনকী নেপালি চলচ্চিত্র জগতেও নিজের অভিনয়ের স্বাক্ষর রাখেন তিনি। প্রশান্ত অভিনয় করেন ‘গোর্খা পল্টন’, ‘পরদেশী’ এবং ‘পরদেশী 2’-এর মতো সফল সব নেপালি ছবিতে। তাঁর প্রয়াণে ভারত এবং নেপাল দুই দেশেই আজ শোকের আবহ ।

প্রশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী জানান, ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও দেশের অন্যতম খ্যাত একজন শিল্পী প্রশান্ত তামাংয়ের অসময়ে আকস্মিক মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর দার্জিলিংয়ের শিকড় ও একসময়ে কলকাতা পুলিশের সঙ্গে সংযোগ তাঁকে বাংলার কাছে আরও প্রিয় করে তুলেছিল। তাঁর পরিবার, বন্ধু ও অগণিত অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।
Saddened by the sudden and untimely demise today of Prashant Tamang, the popular singer of ' Indian Idol' fame and an artist of national renown.
— Mamata Banerjee (@MamataOfficial) January 11, 2026
His roots in our Darjeeling hills and one-time association with Kolkata Police made him particularly dear to us in Bengal.
I convey…
গানের পাশাপাশি অভিনয়েও নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন প্রশান্ত। ওটিটি সিরিজ ও চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সাম্প্রতিক সময়েও তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় ছিলেন।
তাঁর আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোক। সহশিল্পী, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে শোকবার্তায় ভরিয়ে তুলেছেন।






