কলকাতা: শহরের দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে জরুরি ডেলিভারি—সব ক্ষেত্রেই বহু মানুষের ভরসা অ্যাপ-ভিত্তিক ক্যাব ও বাইক ট্যাক্সি। কিন্তু শনিবার (৭ ফেব্রুয়ারি) সেই পরিষেবাতেই বড়সড় ব্যাঘাতের আশঙ্কা।
ভারতজুড়ে Ola, Uber এবং Rapido-র চালকরা ৬ ঘণ্টার জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
কী হচ্ছে?
অ্যাপ-ভিত্তিক পরিবহণ শ্রমিকদের ডাকে শনিবার দেশজুড়ে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’ পালন করা হবে। এই সময়ের মধ্যে বহু চালক সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকে লগ আউট করবেন বলে জানা যাচ্ছে। ফলে ক্যাব, অটো-রিকশা এবং অ্যাপ বাইক ট্যাক্সি বুকিংয়ে বড় প্রভাব পড়তে পারে।
কারা ডাক দিয়েছে ধর্মঘট?
এই ধর্মঘটের ডাক দিয়েছে Telangana Gig and Platform Workers Union (TGPWU)। সংগঠনের দাবি—
- ভাড়ার ক্ষেত্রে ন্যূনতম মূল্য নির্ধারণ নেই
- সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও অ্যাগ্রিগেটররা স্বাধীনভাবে ভাড়া ঠিক করছে
- চালকদের জন্য কার্যকর নিয়ন্ত্রণ ও সুরক্ষা নেই
কী দাবি চালকদের?
ইউনিয়নের বক্তব্য অনুযায়ী,
“ন্যূনতম ভাড়া নেই। কোনও নিয়ন্ত্রণ নেই। সীমাহীন শোষণ চলছে। লক্ষ লক্ষ অ্যাপ-ভিত্তিক চালক দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ অ্যাগ্রিগেটররা লাভবান হচ্ছে। সরকারের নীরবতা মানেই প্ল্যাটফর্মগুলির দায়মুক্তি।”
চালকদের দাবি, Motor Vehicle Aggregator Guidelines 2025 কার্যকরভাবে প্রয়োগ করতে হবে এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছ নিয়ম আনতে হবে।





