কলকাতা: বদলে গেল দীর্ঘদিনের চেনা ছবি। দক্ষিণ কলকাতার যে রাস্তায় পা রাখলে এতদিন একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হতো সাধারণ মানুষকে, সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট এখন পুরোপুরি বাধাহীন। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রবেশপথে থাকা সেই বিশেষ ‘সিজ়ার ব্যারিকেড’ মঙ্গলবার সকালে সরিয়ে নিল প্রশাসন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় এবং বিজেপির বিপুল জয়ের ঠিক পরদিনই এই দৃশ্য কার্যত এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
কী এই ‘সিজ়ার ব্যারিকেড’? মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে তাঁর গলির মুখে দুটি গার্ডরেলকে কাঁচির মতো আড়াআড়িভাবে রাখা হতো, যাকে পুলিশি পরিভাষায় বলা হয় ‘সিজ়ার ব্যারিকেড’। কেউ ওই রাস্তায় ঢুকতে চাইলে তাঁর পরিচয়, গন্তব্য এবং প্রয়োজনীয়তা খতিয়ে দেখে তবেই ঢোকার অনুমতি মিলত। এমনকি প্রতিবেশীদেরও আধার কার্ড বা পরিচয়পত্র সঙ্গে রাখা ছিল বাধ্যতামূলক।
সকাল থেকেই ভিন্ন ছবি মঙ্গলবার সকাল থেকে সেই কড়াকড়ি আর চোখে পড়েনি। নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকলেও ব্যারিকেড খোলা অবস্থায় রাস্তার একপাশে সরিয়ে রাখা হয়েছে। কোনও জিজ্ঞাসাবাদ ছাড়াই যাতায়াত করছেন সাধারণ মানুষ। তৃণমূলের ভরাডুবির পর কালীঘাট চত্বরে সোমবার রাত থেকেই বিজেপি সমর্থকদের উল্লাস চোখে পড়েছে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই দীর্ঘদিনের এই ‘নিরাপত্তা প্রাচীর’ সরে যাওয়াকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। জনৈক পুলিশ আধিকারিকের কথায়, “এ যেন এক অঘোষিত বার্লিন দেওয়াল পতন।”






