কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পর এ বার সমাজমাধ্যম থেকেও বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান-এর ছবি সরিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শনিবার আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পরই কেকেআরের অফিসিয়াল সামাজিকমাধ্যমে স্কোয়াড আপডেট করা হয়। সেখানে ২৫ জনের পরিবর্তে এখন ২৪ জন ক্রিকেটারের ছবি রয়েছে।
ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল কেকেআর। সেই সময় সব দলই ২৫ জনের পূর্ণ স্কোয়াড তৈরি করেছিল। কেকেআর ছিল প্রথম দল, যারা কোটা পূরণ করেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির জেরে এবার একজন ক্রিকেটার কমে গেল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির দলে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বোর্ডের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানান, “সাম্প্রতিক ঘটনাবলির কারণে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি কেকেআর-কে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চাইলে বোর্ড অনুমতি দেবে।”
নিয়ম অনুযায়ী, কেকেআরের কোনও আর্থিক ক্ষতি হচ্ছে না। আইপিএল শুরুর আগেই ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে হওয়ায়, কেকেআর পুরো ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যবহার করতে পারবে পরিবর্ত ক্রিকেটার কেনার জন্য। নিলামে অবিক্রীত থাকা কোনও দেশি বা বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা।
বোর্ডের নির্দেশের প্রেক্ষিতে কেকেআর কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, “আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম মেনে পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে।”
এই সিদ্ধান্তের ফলে কেকেআরের স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যা ২৫ থেকে কমে দাঁড়াল ২৪-এ। তবে খুব শীঘ্রই পরিবর্ত ক্রিকেটার নিয়ে স্কোয়াড পূরণ করবে ফ্র্যাঞ্চাইজি, এমনটাই ইঙ্গিত সূত্রের।





