টলিউডের জনপ্রিয় জুটি জীতু কমল ও দিতিপ্রিয়া রায়কে ঘিরে ফের উত্তপ্ত নেটদুনিয়া। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য-অপর্ণা হিসেবে তাঁদের রসায়ন দর্শকদের মন জিতলেও, অফস্ক্রিন পরিস্থিতি যে তলানিতে এসে ঠেকেছে—তা স্পষ্ট হয়েছে জীতুর সাম্প্রতিক পোস্টে।
কি লিখেছেন জীতু?
জীতুর দাবি, তাঁর সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তাঁর সঙ্গে শট দিতে নারাজ। আরও অভিযোগ, ‘‘আমি নাকি খুব খারাপ মানুষ। মহিলা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার যোগ্য নই। শরীর খারাপের ভুয়ো অজুহাত দিচ্ছি। তা হলে হসপিটাল থেকে ফিরে ১০ ঘণ্টা কাজ করি কী করে?’’
এই পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। জীতুর সমর্থনে সরব হয়েছেন তাঁর ভক্তরা। ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ। অনেকের দাবি—দিতিপ্রিয়াকে বাদ দেওয়া হোক, কিন্তু জীতুকে নয়।
এর আগেও দিতিপ্রিয়া তাঁর ফেসবুক পোস্টে জীতুর বিরুদ্ধে ‘কুরুচিকর মেসেজ পাঠানো’র অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল শিল্পীমহলেও।
এখন দেখার, দুই অভিনেতার টানাপোড়েনের জেরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যতে কোনও বদল আসে কিনা।






