হংকংয়ে গত তিন দশকের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। তাই পো জেলার সাতটি বহুতল আবাসনে লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৪। এখনও পর্যন্ত প্রায় ৩০০ বাসিন্দার খোঁজ মিলছে না। আশঙ্কা, ধ্বংসস্তূপের ভিতরে আরও অনেকে আটকে রয়েছেন।
বুধবার গভীর রাতে আগুন ছড়িয়ে পড়ে একটি ৩২ তলা ভবনের সংস্কার কাজে ব্যবহৃত অংশ থেকে। মুহূর্তে আগুন ফুলকি পাশের সাতটি আবাসনে পৌঁছে যায়। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। অনেকেই অগ্নিদগ্ধ হয়ে বা দমবন্ধ হয়ে প্রাণ হারান।
পুলিশ ইতিমধ্যেই সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে। ষড়যন্ত্র ও গাফিলতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
দমকলের ১২৮টি ইঞ্জিন এবং ৫৭টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছায়। ৯০০-র বেশি মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। উদ্ধারকাজে এক দমকল কর্মীরও মৃত্যু হয়েছে।
পরিস্থিতি গুরুতর হওয়ায় ‘৪ নম্বর অ্যালার্ম’ থেকে বাড়িয়ে ‘৫ নম্বর অ্যালার্ম’ জারি করা হয়—যা দেশটির সর্বোচ্চ বিপদ সংকেত। গত তিরিশ বছরে এমন বড় দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।






