কলকাতা: ইডেন গার্ডেন্সে ভারত–দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ব্যাটারদের বিপর্যয় দেখে নতুন করে প্রশ্ন উঠেছে পিচ প্রস্তুতি নিয়ে। এমন পরিস্থিতিতেই মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, পিচের যে চরিত্র দেখা যাচ্ছে তা ভারতীয় দলের চাহিদা অনুযায়ীই তৈরি হয়েছিল।
সৌরভ সাফ বলেন,
“ভারতীয় শিবির যা চাইছিল, সেই পিচই দেওয়া হয়েছে। চার দিন ধরে পিচে জল দেওয়া হয়নি। তাই এমন স্বাভাবিকভাবেই হয়েছে। এখন কিউরেটরকে দোষ দিলে চলবে না।”
প্রথম দু’দিনে দুই দলের ব্যাটিং ধস নামার পরেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিএবি-র তরফেও স্পষ্ট জানানো হয়েছে, টেস্ট ক্রিকেটের ‘ভালো বিজ্ঞাপন’ নয় এমন পিচ। ম্যাচের প্রথম দুই ঘণ্টায়ই খেলার মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা নিয়েও হতাশ CAB কর্তারা।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৬৩ রানে এগিয়ে। বিশেষজ্ঞদের মতে, অধিনায়ক টেম্বা বাভুমা যদি আরও ৩০-৪০ রান তুলতে পারেন, তাহলে ম্যাচ পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠতে পারে। কারণ এই পিচে কোনও রানই নিরাপদ নয়।
ইডেনের পিচ যে এত দ্রুত ভেঙে পড়বে, তা ভারতীয় দলের অনেকেই আগে থেকে ভাবেননি।
পিচের আচরণ বদলে যাওয়ায় দুই শিবিরেই এখন চাপ বাড়ছে।
কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল তা নিয়েই এখন বিতর্কের কেন্দ্রে কিউরেটর, টিম ম্যানেজমেন্ট ও সিএবি।
এদিকে সৌরভের মন্তব্যের পর আরও জোরালো হয়েছে জল্পনা—
গম্ভীরের নির্দেশ মেনে ‘অতিরিক্ত শুকনো’ পিচ তৈরি করাই কি বিপর্যয়ের মূল কারণ?






