ভিড় ট্রেনে আসন দখল করে আরামে ঘুম পথকুকুরের, বিরক্ত না করে দাঁড়িয়ে রইলেন যাত্রীরা — ভাইরাল ভিডিয়ো

ভিড় ট্রেনে আসন দখল করে আরামে ঘুম পথকুকুরের, বিরক্ত না করে দাঁড়িয়ে রইলেন যাত্রীরা — ভাইরাল ভিডিয়ো

একুশে পা ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ভিড়ে ঠাসা লোকাল ট্রেন। বসার জায়গা নেই যাত্রীদের। অনেকে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ। এমন পরিস্থিতিতেই ট্রেনের একটি আসন দখল করে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে একটি পথকুকুর। আশ্চর্যের বিষয়, কুকুরটির ঘুম ভাঙিয়ে কেউ তাকে সরিয়ে দেননি। বরং যাত্রীরাই দাঁড়িয়ে থেকে জায়গা ছেড়ে দিয়েছেন তাকে। মানবিকতার এই মুহূর্তই এখন ভাইরাল সমাজমাধ্যমে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, ভিড়ের মধ্যেও ট্রেনের বেঞ্চের উপর গা এলিয়ে ঘুমোচ্ছে কুকুরটি। পাশে বসা এক যাত্রীও খানিকটা সরে গিয়ে তাকে জায়গা করে দিয়েছেন। অন্য যাত্রীরা দাঁড়িয়েই যাত্রা করছেন, কিন্তু কুকুরটির বিশ্রামে কেউ ব্যাঘাত ঘটাচ্ছেন না।

জানা গিয়েছে, ঘটনাটি মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে ঘটেছে। ‘Sudhir Kudalkar’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সূত্রের দাবি, অ্যাকাউন্টটির মালিক মুম্বই পুলিশের এক সিনিয়র আধিকারিক। তবে ভাইরাল ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে প্রশংসার বন্যা। বহু নেটাগরিকের মতে, ব্যস্ত জীবনের মধ্যেও সাধারণ মানুষের সহমর্মিতার বিরল উদাহরণ এই দৃশ্য। একজন মন্তব্য করেন, “যাত্রীরা কুকুরটিকে বিরক্ত করেননি—এটাই সবচেয়ে সুন্দর।”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!