নিজস্ব প্রতিবেদন | ওয়েবডেস্ক:
সোমবার রাতে দিল্লির ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা দেশ। ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। দেশের এই শোকের আবহ এবার ছুঁয়ে গেল বলিউডকেও। বিস্ফোরণের জেরে স্থগিত হয়ে গেল বেশ কিছু বড় বলিউড প্রজেক্টের অনুষ্ঠান ও শুটিং।
বুধবার, ১২ নভেম্বর রণবীর সিংয়ের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার মুক্তির কথা ছিল জাঁকজমকভাবে। প্রযোজনা সংস্থার তরফে বড়সড় অনুষ্ঠান আয়োজনও করা হয়েছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘ধুরন্ধর’ টিম।
প্রযোজনা সংস্থার অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে —
“১২ নভেম্বর ‘ধুরন্ধর’ ছবির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা এই শোকের সময় ছবির প্রচার বন্ধ রাখছি। নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।”
শিল্পমহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের পিছনে আরেকটি সংবেদনশীল কারণও রয়েছে — প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অসুস্থতা। শিল্পমহল শোকাহত। রণবীর নাকি নিজেও এই সময়ে ধর্মেন্দ্রর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি পিছিয়ে দিতে সম্মতি জানিয়েছেন।
‘ধুরন্ধর’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৫ ডিসেম্বর, যেখানে রণবীরের বিপরীতে দেখা যাবে কৃতি স্যাননকে। ছবিটি অ্যাকশন-থ্রিলার ঘরানার এবং ইতিমধ্যেই প্রচার নিয়ে তুমুল উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে।
শাহিদ-রশ্মিকার ‘ককটেল ২’ শুটিংও পিছোল
শুধু রণবীর নন, প্রভাব পড়ল শাহিদ কাপুর ও রশ্মিকা মন্দান্না অভিনীত ‘ককটেল ২’-এর উপরও।
১২ নভেম্বর থেকে দিল্লিতেই ছবির দ্বিতীয় দফার শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির বায়ুদূষণ ও বিস্ফোরণের নিরাপত্তা আশঙ্কা— এই দুই কারণে শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।
চলচ্চিত্র টিম জানিয়েছে, “দিল্লির বর্তমান পরিস্থিতি একেবারেই উপযুক্ত নয়। আমরা নিরাপত্তার কারণে আপাতত শুটিং শুরু করছি না।”
বলিউডে শোকের ছায়া
একদিকে দিল্লির মর্মান্তিক বিস্ফোরণ, অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতা — দুই মিলিয়ে এখন মনখারাপের ছায়া বলিউডে। অনেক প্রযোজনা সংস্থা তাদের প্রচারমূলক কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে।
চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায় রণবীরের ‘ধুরন্ধর’-এর নতুন ট্রেলার তারিখের ঘোষণা ও শাহিদ-রশ্মিকা-কৃতীর নতুন ছবির আপডেটের।
দেশজুড়ে যখন শোক ও আতঙ্কের আবহ, তখন বলিউডের এই সংযত পদক্ষেপকেও অনেকে মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখে ফিরে আসবে গ্ল্যামারের জগৎ।






