একুশে পা | ২৬ নভেম্বর ২০২৫
উত্তরবঙ্গে শীতের দাপট, দার্জিলিংয়ে ৫ ডিগ্রি
নভেম্বরের শেষেই উত্তরবঙ্গে ফের শীতের কামড়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা এক ঝটকায় নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। সকালে পাহাড়ে বিক্ষিপ্ত কুয়াশার সম্ভাবনা থাকছে।
কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভোরের দিকে কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনা বেশি। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, ফলে উত্তরবঙ্গে পুরোপুরি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালে-রাতে শীতের আমেজ টের পাওয়া যাবে, দিনের বেলায় ঠান্ডা কমবে।

কলকাতায় কুয়াশা-ঢাকা সকাল, তাপমাত্রা বাড়তে পারে ২–৩ ডিগ্রি
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় এখনই শীতের হালকা প্রভাব অনুভূত হচ্ছে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের নীচে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪১%–৯১% এর মধ্যে ঘোরাফেরা করেছে।
আজ সকালে কুয়াশা থাকলেও দুপুরে আকাশ পরিষ্কার হবে বলে পূর্বাভাস। তবে আবহবিদদের মতে, আগামী ২–৩ দিনে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে, যদিও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে উঠবে না।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, পশ্চিম জেলাগুলিতে পারদ নামবে আরও
দক্ষিণবঙ্গে এখন শুষ্ক হাওয়া বইছে। হাওয়া অফিস জানাচ্ছে—
- তাপমাত্রা ১–২ ডিগ্রি ওঠানামা করতে পারে
- রাত ও ভোরে শীতের অনুভূতি টের পাওয়া যাবে
- দিনের বেলায় ঠান্ডা মিলিয়ে যাবে
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ পশ্চিম জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নামবে বলেই প্রাথমিক পূর্বাভাস।
বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ, তৈরি হতে পারে ঘূর্ণিঝড়—বাংলায় কি প্রভাব পড়বে?
দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি নিয়ে আবহবিদদের নজর। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলেও আরেকটি নিম্নচাপ শক্তিশালী হচ্ছে।
এই দুই নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টি হবে কি না—
হাওয়া অফিসের স্পষ্ট বক্তব্য, এখনই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।
বরং সতর্কতা জারি করা হয়েছে—
- আন্দামান-নিকোবর: প্রবল বৃষ্টি
- কেরল-মাহে: ভারী বৃষ্টি
- তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
বাংলার আবহাওয়ায় এখনই এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে হালকা ঠান্ডা—তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিস্থিতি বদলে দিতে পারে কি না, সেদিকেই নজর আবহবিদদের। আপাতত রাজ্যে শীতের আমেজ থাকলেও আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে।






