নিউজ ডেস্ক:
শেষ পর্যন্ত প্রকাশ্যে এল রহস্য। বলিউডে গুঞ্জন ছিল—হঠাৎ কেন মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়িতে গিয়েছিলেন আমির খান? অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল Aamir Khan Productions। প্রযোজনা সংস্থা জানিয়েছে, তাদের আগামী ছবি Ek Din-এর অ্যালবামের জন্যই অরিজিৎ সিংয়ের কণ্ঠে গান রেকর্ড করা হয়েছে।
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, গানটির কাজের জন্য আমির খান নিজে উপস্থিত ছিলেন। রেকর্ডিং হয়েছে অরিজিতের নিজ শহর মুর্শিদাবাদেই। সাম্প্রতিক সময়ে প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণার পর অরিজিতের সঙ্গে আমিরের সাক্ষাৎ ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। কেউ কেউ ভেবেছিলেন, অরিজিতকে ‘ফিরিয়ে আনার’ চেষ্টা করছেন আমির। এবার স্পষ্ট—এই সাক্ষাৎ ছিল পুরোপুরি কাজের সূত্রেই।
প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “Thank you Arijit for bringing so much heart to the music of Ek Din.” এই ঘোষণার পরই নিশ্চিত হয়ে গেল—একাধিক সুপারহিটের পর ফের একবার একসঙ্গে কাজ করছেন আমির খান ও অরিজিৎ সিং।
ছবিটি পরিচালনা করেছেন Sunil Pandey। মুখ্য ভূমিকায় রয়েছেন Sai Pallavi ও Junaid Khan। এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবির টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং রোমান্টিক আবহ ও জুটির কেমিস্ট্রি দর্শকের নজর কেড়েছে। ছবিতে জুনায়েদকে দেখা যাবে খানিকটা অপ্রস্তুত স্বভাবের যুবকের চরিত্রে, আর সাই পল্লবী থাকছেন আত্মবিশ্বাসী তরুণীর ভূমিকায়।
‘এক দিন’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে কাজ করছেন আমির খান ও প্রযোজক-পরিচালক Mansoor Khan। এর আগে এই জুটি উপহার দিয়েছে Qayamat Se Qayamat Tak, Jo Jeeta Wohi Sikandar, Akele Hum Akele Tum এবং Jaane Tu… Ya Jaane Na–এর মতো জনপ্রিয় ছবি। ফলে নতুন এই রোমান্টিক প্রজেক্ট ঘিরে প্রত্যাশা তুঙ্গে।
আমির খান প্রোডাকশন্সের ব্যানারে তৈরি ‘এক দিন’-এর প্রযোজক আমির খান, মনসুর খান ও Aparna Purohit। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১ মে ২০২৬।






