কলকাতা: দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে দ্বাদশ (১২ তম) আন্তর্জাতিক যোগ দিবস। আর এই বিশেষ দিনেই কলকাতার রেড রোডের রাজপথে একফ্রেমে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রেড রোডের মেগা যোগ কার্নিভাল থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
এদিন সকালে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
“যোগ পশ্চিমবঙ্গের বহু পুরোনো সংস্কৃতি। আগে বিশ্বব্যাপী সাড়ম্বরে যোগ দিবস পালিত হলেও বাংলা তা থেকে বঞ্চিত ছিল। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই বাংলায় যোগ অধ্যায়ের পুনরুত্থান হলো। বঙ্গে যোগ ফিরে এল। প্রধানমন্ত্রীকে আমার অন্তরের অভিনন্দন ও শ্রদ্ধা।”
আগের সরকারকে নিশানা করে শুভেন্দু আরও যোগ করেন, “এর আগে বাংলায় যোগ দিবস নিয়ে কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি। তার কারণ কী, তা আপনাদের সবারই জানা।” রাজ্য প্রশাসন সূত্রের খবর, এবারের যোগ দিবসে কলকাতায় রেকর্ড সাড়া মিলেছে। প্রায় ২ লক্ষ ৫৭ হাজার মানুষ যোগাভ্যাসের জন্য নাম নথিভুক্ত করেছিলেন।
আমজনতার ভিড়ে ‘শিক্ষক’ মোদি এদিন রেড রোডের যোগ উৎসবে এক অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সাধারণ মানুষের সঙ্গে একেবারে সামনের সারিতে বসে যোগাভ্যাস করেন তিনি। শুধু নিজেই আসন করেননি, উপস্থিত সাধারণ মানুষ ও কচিকাঁচারা ঠিকঠাক আসন করছেন কি না, তার ওপরও কড়া নজর ছিল প্রধানমন্ত্রীর। মাঝেমধ্যেই তাঁকে ‘শিক্ষকে’র ভূমিকায় অবতীর্ণ হয়ে যোগের ভুলত্রুটি শুধরে দিতে দেখা যায়।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, “আজ গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধেছে যোগ। বিশ্বের ১৯২টি দেশে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে এই দিনটি। যোগ কেবল শারীরিক কসরত নয়, এটি জীবনে চেতনার প্রকাশ ঘটায়। বয়সকালে সুস্থ থাকতে এর বিকল্প নেই।” ২১ জুন তারিখটিকে বিশ্বের অন্যতম বড় উৎসবের দিন বলেও আখ্যা দেন তিনি।






