দীঘা: দীঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন করে ‘দীঘা জগন্নাথ মন্দির’ করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত তথা ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস। বুধবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণার পর তিনি এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান।

রাধারমণ দাস জানান, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন। সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, ভবিষ্যতে এই তীর্থক্ষেত্র ‘দীঘা জগন্নাথ মন্দির’ নামেই পরিচিত হবে।
তাঁর মতে, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ ও ওডিশার মানুষের আবেগ ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে মর্যাদা দিয়েছে। তিনি বলেন, প্রভু জগন্নাথ সমগ্র বিশ্বের ভক্তদের আরাধ্য হলেও তাঁর ঐতিহ্যবাহী আবাসস্থল ওডিশা। তাই নাম পরিবর্তনের ফলে যদি ওডিশার মানুষের অনুভূতির সম্মান রক্ষা হয়, তবে তা আনন্দের বিষয়।
রাধারমণ দাস আরও বলেন, বিষয়টিকে বিতর্ক হিসেবে না দেখে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক আরও মজবুত করার সুযোগ হিসেবে দেখা উচিত। তাঁর কথায়, পশ্চিমবঙ্গ ও ওডিশা দীর্ঘদিন ধরেই প্রভু জগন্নাথকে কেন্দ্র করে এক গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।
তিনি পশ্চিমবঙ্গ ও ওডিশা—উভয় রাজ্যের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভক্তি, সৌহার্দ্য এবং পারস্পরিক সম্মানের পরিবেশেই এই সমাধান সম্ভব হয়েছে।
রাধারমণ দাসের বক্তব্য, প্রকৃত গুরুত্ব কোনও নামের মধ্যে নয়, বরং লক্ষ লক্ষ ভক্ত যাতে আরও সহজে প্রভু জগন্নাথের সান্নিধ্য লাভ করতে পারেন, সেটাই সবচেয়ে বড় বিষয়। তিনি আশা প্রকাশ করেন, দীঘা জগন্নাথ মন্দির ভবিষ্যতে আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রসাদ বিতরণ এবং সনাতন ধর্মের প্রচারের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।






