নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ভোট মিটতেই প্রকৃতিতে বড় বদল। তীব্র দাবদাহের পর এবার কালবৈশাখীর দাপট শুরু হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
হাওয়া অফিস জানিয়েছে, আজ বিশেষ করে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের দাপট বেশি থাকবে। এর মধ্যে পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
সাময়িক স্বস্তি গরমে
টানা বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ এক ধাক্কায় বেশ খানিকটা নেমেছে। গতকাল কলকাতায় বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে ২০.৪ ডিগ্রিতে ঠেকেছে। আগামী রবিবার পর্যন্ত এই মনোরম আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ৪ মে অর্থাৎ ভোটের ফলাফল প্রকাশের আগের দিন পর্যন্ত গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির এই দাপট অব্যাহত থাকতে পারে।






