মুম্বই | নিউজ ডেস্ক
লিওনেল মেসির ভারত সফর যেন দু’টি বিপরীত অভিজ্ঞতার দলিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অব্যবস্থার যে ছবি নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল, তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রবিবার GOAT India Tour-এর অংশ হিসেবে ওয়াংখেড়ে ফুটবলপ্রেমীদের উপহার দিল এক স্মরণীয় সন্ধ্যা।
২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয়ের স্মৃতিবাহী স্টেডিয়ামে হাজির ছিলেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিলেন ইন্টার মায়ামির সতীর্থ লুই সুয়ারেজ ও রডরিগো ডি পল। গোটা স্টেডিয়াম জুড়ে তখন শুধু একটাই ধ্বনি—‘মেসি… মেসি’।
‘মেসি–সচিন’ মুহূর্তে আবেগে ভাসল ওয়াংখেড়ে
উচ্ছ্বাসের সেই আবহে মাঠে প্রবেশ করেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার। মুহূর্তে স্লোগান বদলে যায় ‘সচিন… সচিন’-এ। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তে সচিন তাঁর ২০১১ বিশ্বকাপজয়ী ১০ নম্বর জার্সি মেসির হাতে তুলে দেন। পাল্টা উপহার হিসেবে মেসিও সচিনকে একটি ফুটবল দেন।
দু’জনকে একসঙ্গে ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে দেখা যায়। সচিন বলেন,
“এই স্টেডিয়াম আমার জীবনের বিশেষ অংশ। আর লিও—ও জীবনে সব শিখর ছুঁয়েছে। ওর নিষ্ঠা ও পরিশ্রম অনুপ্রেরণা।”

খুদেদের সঙ্গে ফুটবল, সুনীল ছেত্রীকে বিশেষ সম্মান
শুধু আনুষ্ঠানিকতা নয়—মেসি মাঠে নেমে খুদে ফুটবলারদের সঙ্গে ফুটবল খেলেন, স্কিল দেখান, ছবি তোলেন। মুহূর্তের জন্য ওয়াংখেড়ে যেন ফুটবলের ন্যু ক্যাম্পে রূপ নেয়।
ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রীকেও আর্জেন্টিনার জার্সি উপহার দেন মেসি। ছেত্রীর উপস্থিতিতে স্টেডিয়ামে আলাদা উল্লাস লক্ষ্য করা যায়। একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসকেও জার্সি তুলে দেন মেসি।

‘প্রজেক্ট মহা দেবা’ লঞ্চ
মেসির উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস উদ্বোধন করেন ‘প্রজেক্ট মহা দেবা’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য ও দেশের খুদে ফুটবল প্রতিভাদের প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্টের সুযোগ দেওয়া হবে।
বলিউড থেকে ক্রিকেট—তারকাখচিত উপস্থিতি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অজয় দেবগণ, টাইগার শ্রফ। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্গসরকর-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

আজ শেষ দিন, মোদী–কোহলির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
সোমবার মেসির ভারত সফরের শেষ দিন। সূত্রের খবর, আজ তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ক্রিকেট তারকা বিরাট কোহলি-র সঙ্গে দেখা হতে পারে বলেও জল্পনা তুঙ্গে।






