ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’–এ নায়িকার পরিবর্তনের ঠিক পরদিনই বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন অভিনেতা জীতু কমল। শনিবার সকালে সমাজমাধ্যমে ভিডিওবার্তায় জানান— এই ধারাবাহিকই ছোটপর্দায় তাঁর শেষ কাজ। ভবিষ্যতে আর কোনো টেলিভিশন সিরিয়ালে কাজ করবেন না তিনি।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক ছাড়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, জীতু ও দিতিপ্রিয়ার মধ্যে কয়েক দফা কলহ হয়। প্রথমে নিষ্পত্তি হলেও পরবর্তী পর্যায়ের বিরোধ বাড়তে থাকায় শেষমেশ সিরিয়াল ছাড়েন দিতিপ্রিয়া। সেই বিভেদই কি জীতুর ‘শেষ সিরিয়াল’-ঘোষণার কারণ— উঠছে প্রশ্ন।
জীতুর বক্তব্য, দর্শকই তাঁকে ‘অভিনেতা’ হওয়ার সাহস দিয়েছে, তাই সিদ্ধান্তটি সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন। তিনি জানান, চ্যানেল ও প্রযোজনা সংস্থার নেওয়া ঝুঁকি তিনি সম্মান করেন। ধারাবাহিক বন্ধ হলে টেকনিশিয়ানরা সমস্যায় পড়বেন, তাই শেষ দিন পর্যন্ত তিনি টিমের সঙ্গে থাকবেন।
নতুন নায়িকা শিরিন পালের যোগদানেও স্বাগত জানান জীতু। দর্শকদের উদ্দেশে অনুরোধ— তাঁকে ভালোবাসায় গ্রহণ করার। নিজের আগামীর জন্যও চাইলেন আশীর্বাদ।
জীতুর এই ঘোষণার পর ছোটপর্দার অন্দরে নতুন করে আলোচনা শুরু হয়েছে— কলহের তিক্ততা, নাকি বড়পর্দা ও ওয়েব সিরিজে বেশি মন দেওয়ার পরিকল্পনা— কোনটি তাঁর সিদ্ধান্তের পিছনে?






