ওয়াশিংটন: তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য অভিবাসনের দরজা স্থায়ী ভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার মাত্র এক দিনের মধ্যেই পদক্ষেপ করল মার্কিন প্রশাসন। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া তাৎক্ষণিক ভাবে স্থগিত করল আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের বিবৃতি অনুযায়ী, ‘‘আফগান পাসপোর্টধারী আবেদনকারীদের ভিসা ইস্যু আপাতত বন্ধ রাখা হল। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।’’
বিদেশসচিব মার্কো রুবিয়োও সামাজিক মাধ্যমে একই খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আফগান নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।’’
সম্প্রতি হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলায় দুই মার্কিন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয়। হামলাকারী রহমানুল্লা লাকানওয়াল ছিলেন আফগানিস্তানের নাগরিক। ২০২১ সালে তিনি আমেরিকায় আশ্রয় পেয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই আফগানিস্তান নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন ট্রাম্প।
শুক্রবার প্রেসিডেন্ট জানান, মার্কিন নাগরিক নন এমন কোনও ব্যক্তি সরকারি সুবিধা পাবেন না। অনুপ্রবেশ রুখতে নতুন নজরদারিও শুরু হবে। আফগানিস্তান-সহ ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ডও পুনর্বিবেচনা করা হবে।
এক দিনের মধ্যেই আফগানদের ভিসা স্থগিত করে আরও কঠোর পথে হাঁটল তাঁর প্রশাসন।






