‘১০ মিনিটে ডেলিভারি’ আর নয়: কুইক কমার্স সংস্থাগুলিকে বিজ্ঞাপন বদলের নির্দেশ শ্রম মন্ত্রকের

‘১০ মিনিটে ডেলিভারি’ আর নয়: কুইক কমার্স সংস্থাগুলিকে বিজ্ঞাপন বদলের নির্দেশ শ্রম মন্ত্রকের

নয়াদিল্লি:
কুইক কমার্সে প্রতিযোগিতা যত বেড়েছে, ততই ব্র্যান্ডিংয়ের কেন্দ্রে উঠে এসেছিল ‘১০ মিনিটে ডেলিভারি’। কিন্তু অবশেষে সেই প্রচার-নীতিতেই ইতি টানতে চলেছে কেন্দ্র। Blinkit, Zepto, Swiggy, Zomato-সহ একাধিক ই-কমার্স ও কুইক কমার্স সংস্থাকে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংয়ে নির্দিষ্ট ‘ডেলিভারি টাইম লিমিট’ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

সূত্রের খবর, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী Mansukh Mandaviya-র নেতৃত্বে সংস্থাগুলির সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম মন্ত্রকের স্পষ্ট মত— নির্দিষ্ট সময়সীমার প্রতিশ্রুতি ডেলিভারি কর্মীদের উপর অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপ তৈরি করে, যা তাঁদের নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে।

বিজ্ঞাপন থেকে সরে যাচ্ছে ‘১০ মিনিট’

ইতিমধ্যেই ব্লিঙ্কিট তাদের বিজ্ঞাপন, প্রচার ও সোশ্যাল মিডিয়া থেকে ‘১০ মিনিটে ডেলিভারি’ সংক্রান্ত বার্তা সরিয়ে ফেলেছে বলে সূত্রের দাবি। একই পথে হাঁটতে চলেছে অন্যান্য কুইক কমার্স অ্যাপগুলিও।
তবে সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, এর অর্থ ডেলিভারির গড় সময় বাড়ানো নয়। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার প্রচার-কৌশল বন্ধ করাই মূল উদ্দেশ্য, যাতে ডেলিভারি পার্টনারদের উপর দ্রুত পৌঁছনোর অযাচিত চাপ না পড়ে।

কেন এই সিদ্ধান্ত?

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশজুড়ে গিগ ও ডেলিভারি কর্মীরা ধর্মঘটে শামিল হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল—

  • কাজের পরিবেশ সুরক্ষিত নয়
  • সময়ের অতিরিক্ত চাপ
  • আয় কমে যাওয়া
  • সামাজিক সুরক্ষার অভাব

এই অভিযোগগুলি শ্রম মন্ত্রকের কাছেও পৌঁছয়। তার পরই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা শুরু করে কেন্দ্র।

সংস্থাগুলির যুক্তি বনাম মন্ত্রকের উদ্বেগ

কুইক কমার্স সংস্থাগুলির দাবি, দ্রুত ডেলিভারি ‘স্পিড ড্রাইভিং’-এর ফল নয়। ডার্ক স্টোর ও গুদাম কাছাকাছি থাকার কারণেই কম সময়ে ডেলিভারি সম্ভব হয়।
কিন্তু শ্রম মন্ত্রকের মতে, বিজ্ঞাপনে নির্দিষ্ট সময়ের প্রতিশ্রুতি থাকলে ডেলিভারি কর্মীদের মধ্যে ঝুঁকিপূর্ণ মানসিকতা তৈরি হতে পারে। সেই কারণেই ব্র্যান্ডিং ও প্রচারে সময়সীমা উল্লেখ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকের শেষে সব সংস্থাই সরকারকে আশ্বস্ত করেছে যে, ভবিষ্যতে বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ায় কোনও নির্দিষ্ট ‘ডেলিভারি টাইম লিমিট’ ব্যবহার করা হবে না।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!